মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা ও অস্থিতিশীল পরিস্থিতির কারণে মার্কিন নাগরিকদের ওই অঞ্চলে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনা করতে জরুরি সতর্কবার্তা জারি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর (US State Department)।

শুক্রবার (১৭ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (X) এবং কুয়েতসহ বিভিন্ন দেশের মার্কিন দূতাবাসের কনস্যুলার চ্যানেলের মাধ্যমে এই নিরাপত্তা সতর্কতা প্রকাশ করা হয়। মার্কিন প্রশাসন জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত ও হামলা-পাল্টা হামলার জেরে বর্তমান নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত জটিল ও পরিবর্তনশীল।

মার্কিন নাগরিকদের মধ্যপ্রাচ্যে ভ্রমণ বা এই অঞ্চল হয়ে যাতায়াতের পরিকল্পনা নতুন করে বিবেচনা করার আহ্বান জানানো হয়েছে। বাহরাইন, ইসরায়েল, জর্ডান, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো এই তালিকায় রয়েছে। তীব্র ঝুঁকির কারণে ইরান, ইরাক, লেবানন, সিরিয়া, গাজা এবং ইয়েমেনে সম্পূর্ণভাবে ভ্রমণ না করার নির্দেশনা বহাল রাখা হয়েছে।

যারা ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থান করছেন, তাদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। যেকোনো সময় পরিস্থিতি অপ্রত্যাশিতভাবে আরও অবনতি হতে পারে, তাই নিয়মিত স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদ অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।

আকাশসীমা বন্ধ হওয়া বা বিমান চলাচলে বিঘ্ন ঘটার আশঙ্কায়, মধ্যপ্রাচ্যের ভেতর দিয়ে যাতায়াতকারী যাত্রীদের নিজ নিজ বিমান সংস্থার (Airline) সাথে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা নিশ্চিত করতে বলা হয়েছে।