প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাজেটকে 'জনবিরোধী' বা 'গণবিরোধী' বলে সমালোচনা করে, তারা কখনো জনগণের বন্ধু হতে পারে না। তাদের সম্পর্কে জনগণকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে।
আজ বুধবার (১৭ জুন) দুপুরে শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এই মন্তব্য করেন। এই অনুষ্ঠানের মাধ্যমে শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১৫৫টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম শুরু করা হয়।
গত ১১ জুন জাতীয় সংসদে উপস্থাপন করা বাজেটে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতের জন্য অর্থ বরাদ্দ রাখার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “অনেকে বলেছে সেই বাজেট বলে তারা মানে না। দেখেছেন না পত্রিকায়? সংবাদে?
“আবার অনেকে বলেছে,… এই বাজেট নাকি চানাচুরের মতন! শুনেছেন এই কথা? কিছু কিছু লোক বলেছে।”
তারেক রহমান বলেন, “যেই বাজেট জনগণের বাজেট, যেই বাজেটের মাধ্যমে আমরা জনগণের ভাগ্যের পরিবর্তন করতে চাই, সেই বাজেটকে তারা চানাচুরের সাথে তুলনা করে,…সেই বাজেটকে তারা বলে গণবিরোধী বাজেট!”
সংসদের বাইরে ও ভেতরে ওইসব সমালোচকদের বিষয়ে সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “এই সকল লোকেরা, এই সকল দলগুলো দেশে যদি অশান্তি করার সুযোগ পায়, তাহলে আমরা ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করতে পারব না।… আজকে প্রতিবন্ধী মানুষগুলোকে যে আমরা সহযোগিতা করলাম, এই যে গরিব ছাত্র স্টুডেন্টগুলোকে যে আমরা সহযোগিতা করলাম, এই যে আমরা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপর থেকে যে ৬০টি দ্রব্যের উপর থেকে যে আমরা ট্যাক্স তুলে নিতে পারলাম—এটি আমরা তাহলে কন্টিনিউ করতে পারব না।
“কাজেই যারা এসব কাজে বাধা দেবে, কী ব্যবস্থা করা উচিত তাদের বিরুদ্ধে? সতর্ক থাকতে হবে তাদের বিরুদ্ধে এবং জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
উল্লেখ্য, বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল ও সমালোচকদের মতে— যেমন বাংলাদেশ জামায়াতে ইসলামী— প্রস্তাবিত ৯.৩৮ লাখ কোটি টাকার এই বাজেট অতিরিক্ত ঋণনির্ভর ও কর আদায়কেন্দ্রিক, যা সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় ও মুদ্রাস্ফীতি আরও বাড়িয়ে তুলবে। তারা মনে করেন, বাজেটের এই কাঠামো সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ এবং এতে করের বোঝা সাধারণ মানুষের ওপরই বেশি পড়বে।
বিরোধীরা প্রস্তাবিত বাজেটকে "গণবিরোধী" বলে এবং "চানাচুরের" সাথে তুলনা করে কারণ তাদের মতে, এটি বাহ্যিকভাবে বেশ আকর্ষণীয় বা মুখরোচক মনে হলেও বাস্তবে সাধারণ মানুষের জন্য এতে কোনো পুষ্টি বা সুফল নেই।