নরসিংদীতে পানিতে ডুবে ৪ মাদরাসা শিক্ষার্থীসহ মাগুরা ও ঝিনাইদহে আলাদা ঘটনায় আরও ২ শিশুর মর্মান্তিক মৃত্যু এবং হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ যুবক নিহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) এক শোক বার্তায় দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এই শোক প্রকাশ করেন।

বিবৃতিতে জামায়াত নেতা বলেন, নরসিংদীর রায়পুরা উপজেলায় একসঙ্গে গোসল করতে নেমে পানিতে ডুবে ৪ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু এবং মাগুরা ও ঝিনাইদহে আলাদা ঘটনায় ২ শিশুর প্রাণহানি অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক। নিহতদের রুহের মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান তিনি। পাশাপাশি হবিগঞ্জের আজমিরীগঞ্জে মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহতদের দ্রুত সুচিকিৎসার দাবি জানান।

উল্লেখ্য, নরসিংদীর বড়কান্দা গাউসিয়া নুরে মদিনা মহিলা মাদরাসার যে ৪ শিক্ষার্থী মারা গেছে তারা হলো— শামীম মিয়ার মেয়ে তাবিয়া (১৩), রুবেল মিয়ার দুই মেয়ে আয়েশা (৯) ও জান্নাত (৮) এবং বিল্লাল মিয়ার মেয়ে সুমাইয়া (১০)। এছাড়া আজমিরীগঞ্জে বৃহস্পতিবার সন্ধ্যায় তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ যুবক নিহত ও ২ জন গুরুতর আহত হন।

চলমান বর্ষা ও বন্যার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে খাল-বিল, নদী ও জলাশয়ে পানি বৃদ্ধি পাওয়ার কথা উল্লেখ করে এডভোকেট জুবায়ের কোমলমতি শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও সর্বস্তরের নাগরিক সমাজকে আরও সতর্ক থাকার আহ্বান জানান।