হাজারো দর্শকের উচ্ছ্বাস, টানটান উত্তেজনা আর রুদ্ধশ্বাস লড়াইয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। শুক্রবার বিকেলে গাজীপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে শহীদ বরকত স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ট্রাইব্রেকারে ৩-২ গোলে মানিকগঞ্জের একরাম স্মৃতি ফুটবল একাডেমিকে হারিয়ে চ্যাম্পিয়নের শিরোপা জিতে নেয় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ঢাকা।

শুরু থেকেই দুই দলের আক্রমণ-প্রতিআক্রমণে জমে ওঠে ফাইনাল ম্যাচ। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে সমতায় শেষ হলে শিরোপা নির্ধারণ হয় ট্রাইব্রেকারে। সেখানে স্নায়ুচাপের লড়াইয়ে বিকেএসপি ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে। শেষ বাঁশি বাজতেই খেলোয়াড়, কোচিং স্টাফ ও সমর্থকদের উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো স্টেডিয়াম।

খেলায় বিকেএসপির গোলরক্ষক মাহিন ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার পান একরাম স্মৃতি ফুটবল একাডেমির সুমন। এছাড়া সর্বোচ্চ গোলদাতা ও সেরা গোলরক্ষকসহ বিভিন্ন ক্যাটাগরিতে খেলোয়াড়দের বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মনজুরুল করিম রনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার, গাজীপুরের পুলিশ সুপার শরিফ উদ্দিন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ফাহাদ করিম, বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান উদ্দিন সরকার, মীর হালিমুজ্জান মনী, আহমদ আলী রুশদি, অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, এডভোকেট আব্দুস সালাম। এছাড়াও উপস্থিত ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক ও গাজীপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আহ্বায়ক হান্নান মিয়া হান্নু, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

দেশের বিভিন্ন জেলার ১৬টি শক্তিশালী দলের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টের প্রতিটি ম্যাচেই দর্শকদের ব্যাপক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ফাইনাল উপলক্ষে শহীদ বরকত স্টেডিয়াম পরিণত হয় এক প্রাণবন্ত ক্রীড়া উৎসবে।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয়, চ্যাম্পিয়ন দলকে ৩ লাখ টাকা এবং রানার্সআপ দলকে ২ লাখ টাকা প্রাইজমানি প্রদান করা হয়েছে।

আয়োজকরা জানান, ‘মাদককে না বলি, খেলাধুলার মাধ্যমে সুন্দর জীবন গড়ি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা, নতুন প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি এবং মাদক, কিশোর গ্যাং ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে একটি সুস্থ ও ক্রীড়াবান্ধব সমাজ গড়ে তোলাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

সফল আয়োজন, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ এবং দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে টুর্নামেন্টটি গাজীপুরের ক্রীড়াঙ্গনে নতুন প্রাণসঞ্চার করেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।