আগামী ১৭ জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারা দুজনই জি-৭ সম্মেলনে যোগ দিতে ফ্রান্সে যাবেন। সেখানে দুজন আলাদাভাবে বৈঠক করবেন বলে নিশ্চিত করেছে মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজ।
মার্কিন প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, সম্মেলনে যোগ দিতে আগামী সোমবার ফ্রান্সের এভিয়ানে পৌঁছবেন ট্রাম্প। সম্মেলনের বিভিন্ন কর্মসূচির পাশাপাশি একাধিক রাষ্ট্রনেতার সঙ্গে তাঁর বৈঠকেরও সূচি নির্ধারিত হয়েছে। সেই তালিকাতেই রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক।
মার্কিন প্রশাসন জানিয়েছে, জি-৭ সম্মেলনে অর্থনৈতিক বৃদ্ধি, সাপ্লাই চেন স্টেবিলিটি, অবৈধ অভিবাসন, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের সরবরাহ এবং মাদক পাচার রোধের মতো একাধিক আন্তর্জাতিক ইস্যুতে আলোচনা হবে। এই প্রেক্ষাপটে মোদী-ট্রাম্প বৈঠকও বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
ফ্রান্স সফরের প্রথম দিনেই ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাঁক্রো। পরে জি-৭ নেতাদের সঙ্গে নৈশভোজে অংশ নেবেন।
বার্তাসংস্থা এএফপিকে ট্রাম্প সরকারের এক কর্মকর্তা শনিবার (১৩ জুন) বলেছেন, ট্রাম্প জি-৭ ভুক্ত দেশের নেতাদের সঙ্গে হরমুজ প্রণালি সংক্রান্ত পরিকল্পনা নিয়ে কথা বলবেন।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল যৌথ হামলা চালানোর পর ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। এখন এটি আবারও চালুর চেষ্টা করছেন বিশ্ব নেতারা। জি-৭ সদস্য ফ্রান্স এবং যুক্তরাজ্য উভয় দেশ জানিয়েছে, যখন যুদ্ধ শেষ হবে তখন হরমুজ খোলার ক্ষেত্রে তারা সহায়তা করবে।
গতকাল ট্রাম্প জানান ইরানের সঙ্গে তাদের অসাধারণ বোঝাপড়া হয়েছে। যদি ইরান এখন চুক্তিতে স্বাক্ষর করে তাহলে যুদ্ধের সমাপ্তি ঘটবে। ট্রাম্প বলেন, চুক্তির পর ইরান হরমুজ খুলে দেবে। আগামী এক সপ্তাহের মধ্যে ইউরোপের কোনো একটি দেশে দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হতে পারে। এতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স নিজে উপস্থিত থাকবেন।
সূত্র: এএফপি