বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, জাতীয় নির্বাচন পরবর্তী দেশের রাজনৈতিক সংকটের জন্য বিএনপি'ই দায়ী। কারণ বিএনপি জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই সনদ বাস্তবায়ন করার অঙ্গীকার করলেও নির্বাচনে বিজয়ের পর গণভোটের রায়কে পাশ কাটিয়ে জনরায়ের প্রতি অবজ্ঞা করেছে।
আজ শনিবার (৪ জুলাই) কক্সবাজার জেলা ১১ দলীয় ঐক্য আয়োজিত বিক্ষোভমিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ না করে সংকট ঘনীভূত করেছে।অবিলম্বে আগামী সংসদ অধিবেশনে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকর করে আইন পাশ করতে হবে নচেৎ দেশের মানুষ রক্ত দিয়ে যেভাবে নতুন স্বাধীনতা এনেছিল প্রয়োজনে আবারো রক্ত দিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠা করা হবে।
কেন্দ্র ঘোষিত গণভোটের গণরায় বাস্তবায়ন এবং জুলাই গণ-অভ্যত্থানে গণহত্যার বিচারের দাবিতে সারা দেশের মত কক্সবাজারেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।
জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা নাগরিক পার্টির আহ্বায়ক অধ্যাপক আখতার আলম, জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম, জেলা নাগরিক পার্টির সদস্য সচিব মোহাম্মদ ওমর ফারুক, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ইউনূস।
সঞ্চালনা করেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও কক্সবাজার শহর আমীর আবদুল্লাহ আল ফারুক।