বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, দেশে আইনের শাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও মৌলিক সংস্কারের জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণে সরকারের অনিহা জনগণের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি এবং ক্ষমতায় আসার পর সরকারের বর্তমান অবস্থানের মধ্যে স্পষ্ট অসঙ্গতি জনমনে প্রশ্নের জন্ম দিচ্ছে।

আজ শনিবার (২০ জুন) গোপালগঞ্জ জেলা উপজেলা কর্মপরিষদ সদস্যদের নিয়ে আয়োজিত শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. হামিদ আযাদ বলেন, জুলাই আন্দোলনের পর জনগণ একটি বৈষম্যহীন, জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার প্রত্যাশা করেছিল। গণভোটের মাধ্যমে জনগণের মতামত গ্রহণ, জুলাই সনদের বাস্তবায়ন এবং রাষ্ট্রের মৌলিক সংস্কারকে সামনে রেখে যে রাজনৈতিক অঙ্গীকার করা হয়েছিল, সেই অংগিকার ভংগ করেছে বিএনপি সরকার ।

তিনি আরো বলেন, গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া কাঙ্ক্ষিত রাষ্ট্রীয় সংস্কার সম্ভব নয়। কিন্তু সরকার সংস্কারের পরিবর্তে সংবিধান সংশোধনের কথা বলে জনগণকে বিভ্রান্ত করছে। এর ফলে জনগণের ক্ষোভ দিনদিন বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় দ্রুত সংবিধান সংস্কার পরিষদ গঠন করে জাতীয় স্বার্থ ও জনগণের প্রত্যাশাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য তিনি সরকারের প্রতি জোর দাবী জানান।

গোপালগঞ্জ জেলার সাবেক আমীর ও ফরিদপুর অঞ্চল টিম সদস্য আজমল হোসেন সরদার, গোপালগঞ্জ জেলা আমীর অধ্যাপক রেজাউল করিম, ফরিদপুর জেলা আমীর জনাব বদরুদ্দীন, গোপালগঞ্জ জেলা সেক্রেটারি আল মাসুদ খান সহ বিভিন্ন জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।