চীন সরকারের রাষ্ট্রীয় তথ্য কার্যালয়ের (State Council Information Office) অধীন আনুষ্ঠানিক কূটনৈতিক প্ল্যাটফর্ম chinadiplomacy.org.cn-এ গত ১৯ জুলাই বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম (আরমান)-এর একটি নিবন্ধ প্রকাশিত হয়েছে।
নিবন্ধটির শিরোনাম "Why Bangladesh welcomes China's vision for Bay of Bengal" (বঙ্গোপসাগর নিয়ে চীনের রূপকল্পকে বাংলাদেশ কেন স্বাগত জানায়)।
এই প্ল্যাটফর্মটি চীনের পররাষ্ট্রনীতি বিশ্বদরবারে তুলে ধরার একটি সরকারি মাধ্যম, যা বিশ্বের বিভিন্ন দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও দূতাবাসসমূহ নিয়মিত পর্যবেক্ষণ করে। সাধারণত সরকার ও ঘনিষ্ঠ অংশীদারদের জন্য সংরক্ষিত এই প্ল্যাটফর্মে বিরোধী দলের পক্ষ থেকে লেখা নিবন্ধ প্রকাশ চীনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য অগ্রগতি ও স্বীকৃতির বহিঃপ্রকাশ।
নিবন্ধে ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম চীনা কমিউনিস্ট পার্টির ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকাস্থ চীনা দূতাবাসে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের পক্ষে প্রদত্ত বক্তব্যের প্রেক্ষাপট তুলে ধরেন।
তিনি চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডোরের সম্ভাবনা, চট্টগ্রাম বন্দরের কৌশলগত গুরুত্ব, আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠতর সংযুক্তি ও RCEP-এ বাংলাদেশের অন্তর্ভুক্তির সম্ভাবনা নিয়ে আলোকপাত করেন। পাশাপাশি তিনি ব্যাংকিং খাত, গবেষণা প্রতিষ্ঠান ও দক্ষ জনশক্তি গড়ে তোলাসহ বাংলাদেশের নিজস্ব সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
নিবন্ধে আরও উল্লেখ করা হয়, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামী চীনের সঙ্গে রাজনৈতিক দল, সংসদ ও বেসরকারি পর্যায়ে বিনিময় জোরদার করতে এবং দুই দেশ ও দুই জনগণের মধ্যে পারস্পরিক কল্যাণভিত্তিক সহযোগিতা ও বন্ধুত্ব গভীর করতে গঠনমূলক ভূমিকা অব্যাহত রাখবে।
নিবন্ধটি পড়া যাবে: https://en.chinadiplomacy.org.cn/2026-07/19/content_118606956.shtml