কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি প্রতিরোধে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় ফ্যাসিবাদ বিরোধী বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (২৩ জুন) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি জোনের উদ্যোগে আওয়ামী লীগ বিরোধী বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।
এতে ধানমন্ডি থানা জামায়াতের আমির মুস্তাফিজুর রহমান, সেক্রেটারি মুজাহিদুল ইসলাম শাহিন, ধানমন্ডি থানা শাখার কর্ম পরিষদের সদস্য আনিসুজ্জামান, কলাবাগান থানা জামায়াতের আমির জাহিনুর রহমানসহ অন্যান্য নেতারা অংশ নেন।
বিক্ষোভ মিছিলটি ধানমন্ডি ৩২ নম্বর সিগন্যাল থেকে শুরু করে ধানমন্ডি ২৭ মোড় গিয়ে আবার একই এলাকায় এসে শেষ হয়।
এদিকে, গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুম, খুন, গণহত্যাসহ সব ধরনের হত্যাকাণ্ডের বিচার দাবিতে আজ মঙ্গলবার রাজধানী ঢাকায় বিক্ষোভ সমাবেশ করবে ১১ দলীয় ঐক্য।
জোটের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, মঙ্গলবার (২৩ জুন) বিকেল ৫টায় রাজধানীর বিজয়নগরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা উপস্থিত থেকে বক্তব্য দেবেন।