স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ, সৃজনশীলতা চর্চা এবং সুস্থ বিনোদন নিশ্চিত করতে বর্তমান সরকারের ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ কর্মসূচির অংশ হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয় দেশব্যাপী আন্তঃকলেজ সাংস্কৃতিক, বিতর্ক ও ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ আয়োজনের কার্যক্রম শুরু করেছে।

জাতীয় বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য গত ১২ জুলাই থেকে অনলাইন নিবন্ধন শুরু হয়েছে, যা আগামী ৩০ জুলাই পর্যন্ত চলবে। একই সঙ্গে বিভাগীয় পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষক প্রতিনিধিদের নিবন্ধন কার্যক্রমও গত ৯ জুলাই থেকে শুরু হয়েছে এবং সেটিও ৩০ জুলাই পর্যন্ত চলবে।

এ প্রতিযোগিতায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহের স্নাতক (পাস ও সম্মান) এবং স্নাতকোত্তর শ্রেণির নিয়মিত শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন। আগ্রহী শিক্ষার্থীদের নিজ নিজ কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে নিবন্ধন করতে হবে। কলেজ কর্তৃপক্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত অনলাইন পোর্টালে শিক্ষার্থীদের তথ্য সংযুক্ত করবেন।

আগামী ১ থেকে ৬ আগস্টের মধ্যে প্রতিযোগিতার ফিক্সচার প্রস্তুত করা হবে। এরপর ৭ আগস্ট থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত জেলা পর্যায়ের সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিভাগীয় ও চূড়ান্ত পর্বের সময়সূচি পরে জানানো হবে।

সাংস্কৃতিক প্রতিযোগিতার একক ইভেন্টে দেশাত্মবোধক গান, নজরুল সংগীত, রবীন্দ্র সংগীত, আধুনিক গান, লোকগীতি, আবৃত্তি, অভিনয়, নৃত্য ও উপস্থিত বক্তৃতা এবং দলীয় ইভেন্টে গণসংগীত, সৃজনশীল দলীয় নৃত্য ও বিতর্ক অন্তর্ভুক্ত রয়েছে।

এদিকে জেলা পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। জেলা পর্যায়ে বিজয়ীদের নিয়ে আগামী ২৩ আগস্ট থেকে ১০ অক্টোবর পর্যন্ত বিভাগীয় পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। অ্যাথলেটিক্স, ফুটবল, ক্রিকেট, হকি, বাস্কেটবল, ভলিবল, হ্যান্ডবল, সাঁতার, দাবা, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, ক্যারাম, কারাতেসহ বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন।

জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময়সূচি পরবর্তীতে ঘোষণা করা হবে। প্রতিযোগিতা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।