শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সফর করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

শুক্রবার (১০ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে তিনি বিশ্ববিদ্যালয়ে পৌঁছালে উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা প্রশাসনিক ভবনের সামনে তাকে স্বাগত জানান।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বিশেষ অতিথি ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ড. ফরহাদ হালিম ডোনার এবং বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ। সঞ্চালনা করেন ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. লুৎফর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সবুজায়নের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করেন।

পরে বেলা ১২টা ১০ মিনিটে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিম ও আমগাছের চারা রোপণ করেন।

বক্তব্যে জহির উদ্দিন স্বপন বলেন, “সরকারের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোকেও তাদের সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখতে হবে। প্রমাণ করতে হবে, রাজনীতি কেবল ক্ষমতা ভোগের বিষয় নয়; রাজনীতি জনগণের ভাগ্য পরিবর্তনেরও একটি মাধ্যম। যে রাজনৈতিক দল রাষ্ট্র পরিচালনা করে বা করতে চায়, তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়েই সেটি প্রমাণ করতে হবে।”

তিনি বলেন, “তারেক রহমান দেশনেত্রী খালেদা জিয়ার পথ অনুসরণ করে শহীদ জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে রাজনীতি করছেন। রাজপথের আন্দোলন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের সামাজিক কার্যক্রম এবং রাষ্ট্র সংস্কার-সংক্রান্ত বিভিন্ন উদ্যোগের মাধ্যমে তিনি একজন রাষ্ট্রনায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।”

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর আসন্ন বরিশাল সফরকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলের উন্নয়ন, স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় এবং বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হবে। তিনি বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের ইমাম, মুয়াজ্জিন ও আলেমদের জন্য বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নের ধারাবাহিকতায় এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।