ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাদানকল্প কলেজ ন্যাশনাল কলেজ অব হোম ইকোনমিক্স, মোহাম্মদপুর, ঢাকার উদ্যোগে 'নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬' রবিবার (২১ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ভিসি এবং ন্যাশনাল কলেজ অব হোম ইকোনমিক্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, উচ্চশিক্ষার লক্ষ্য শুধু সনদ অর্জন নয়,বরং দক্ষ, সৃজনশীল, আত্মবিশ্বাসী ও মানবিক নাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলা। তিনি শিক্ষার্থীদের জ্ঞানচর্চার পাশাপাশি নেতৃত্ব, গবেষণামনস্কতা, নৈতিকতা, সহমর্মিতা এবং দেশপ্রেমের চর্চার আহ্বান জানান।

তিনি আরও বলেন, ন্যাশনাল কলেজ অব হোম ইকোনমিক্স দীর্ঘদিন ধরে নারীর শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং সামাজিক নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একাডেমিক শিক্ষার পাশাপাশি জীবনব্যবস্থাপনা ও পেশাগত সক্ষমতা অর্জনের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিশেষ অতিথি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন, অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান বলেন, প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে জ্ঞান, দক্ষতা, গবেষণামনস্কতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশ অপরিহার্য।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল কলেজ অব হোম ইকোনমিক্সের অধ্যক্ষ, অধ্যাপক নূরুন নাহার বেগম। তিনি নবীন শিক্ষার্থীদের কলেজ পরিবারের সদস্য হিসেবে স্বাগত জানিয়ে নিয়মিত অধ্যয়ন ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। পরে নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।