গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুটি অবৈধ বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১০ রাউন্ড গুলি এবং একটি নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেলসহ দুই অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনাকে অবৈধ অস্ত্রের বিস্তার রোধে গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখছে পুলিশ।

পুলিশ জানায়, মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে সদর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসানের নেতৃত্বে একাধিক চৌকস পুলিশ কর্মকর্তার সমন্বয়ে গঠিত আভিযানিক দল সদর থানাধীন পাজুলিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় দুইটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন, ১০ রাউন্ড পিস্তলের গুলি এবং একটি নম্বরপ্লেটবিহীন লাল রঙের মোটরসাইকেলসহ দুইজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-গাজীপুর মহানগরের সদর থানা এলাকার মিতালীপাড়া গ্রামের (সালাউদ্দিনের বাসার ভাড়াটিয়া) লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার কাজিরচর গ্রামের খোকনের ছেলে তানজিম আহমেদ সোহেল (৩০) এবং গাজীপুর মহানগরের সদর থানা এলাকার নীলেরপাড়া এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে মোঃ বাবু (৩০)।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার জানান, মহানগরে অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে পুলিশ।