বগুড়ার শিবগঞ্জে এইচএসসির একটি পরীক্ষাকেন্দ্রে ভুলবশত আগের বছরের প্রশ্নপত্র বিতরণ করায় ৪২ জন পরীক্ষার্থী সেই প্রশ্নেই সৃজনশীল (সিকিউ) অংশের পরীক্ষা দিয়েছে। পরীক্ষা শেষ হওয়ার পর বিষয়টি ধরা পড়লে তাদের উত্তরপত্র ডাকঘর থেকে ফিরিয়ে এনে প্রয়োজনীয় সিদ্ধান্তের জন্য রাজশাহী শিক্ষা বোর্ডে পাঠানো হয়েছে।
এ ঘটনায় দুই কক্ষ পরিদর্শককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। পাশাপাশি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।
বুধবার শিবগঞ্জ সরকারি এম এইচ কলেজ কেন্দ্রে যুক্তিবিদ্যা বিষয়ের পরীক্ষায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্র সচিব ও কলেজটির অধ্যক্ষ অধ্যাপক আবুল কালাম আসাদ।
কেন্দ্র সূত্রে জানা গেছে, ১০৭ নম্বর কক্ষে ৪৩ জন নিয়মিত পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা শুরুর সময় সৃজনশীল অংশের প্রশ্নপত্র বিতরণের ক্ষেত্রে ভুলবশত ২০২৬ সালের পরিবর্তে ২০২৫ সালের প্রশ্নপত্র দেওয়া হয়। ৪২ জন পরীক্ষার্থী সেই প্রশ্নপত্রেই উত্তর লেখা শুরু করে। তবে বহুনির্বাচনি (এমসিকিউ) অংশের প্রশ্নপত্র সঠিক থাকায় ওই অংশে কোনো জটিলতা হয়নি। একজন পরীক্ষার্থী সঠিক প্রশ্নপত্র পেয়েছিল।
পরীক্ষা শেষে বিষয়টি কেন্দ্র সচিবের নজরে এলে ডাকঘরে পাঠানো উত্তরপত্র ফিরিয়ে আনা হয়। পরে ওই ৪২ জন পরীক্ষার্থীর রোল নম্বরসহ একটি তালিকা প্রস্তুত করে প্রয়োজনীয় সিদ্ধান্তের জন্য রাজশাহী শিক্ষা বোর্ডে পাঠানো হয়।
অধ্যাপক আবুল কালাম আসাদ বলেন, ১০৭ নম্বর কক্ষের ৪৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৪২ জনের কাছে ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্র চলে যায়। বিষয়টি জানার পরপরই উত্তরপত্র ডাকঘর থেকে ফিরিয়ে এনে বোর্ডে পরীক্ষার্থীদের তালিকা পাঠানো হয়েছে। তিনি বলেন, প্রশ্নপত্র গ্রহণের পর দায়িত্বপ্রাপ্ত কমিটি তা যাচাই করে এবং পরে কক্ষ পরিদর্শকদের কাছে হস্তান্তর করে। তবুও অনাকাঙ্ক্ষিতভাবে এ ভুল হয়েছে। এ ঘটনায় দায়িত্বে থাকা দুই পরিদর্শককে কারণ দর্শানোর নোটিশ দিয়ে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
কেন্দ্র কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রাজশাহী শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।