‘ইনোভেট টুডে, লিড টুমরো’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) গাজীপুরে দুই দিনব্যাপী সিএসই কার্নিভাল-২০২৬ শুরু হয়েছে।

শুক্রবার (২৬ জুন) বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের আয়োজনে কার্নিভালের উদ্বোধন করেন ভিসি, অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-ভিসি, অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার।

উদ্বোধনী বক্তব্যে ভিসি বলেন, চতুর্থ শিল্পবিপ্লব পেরিয়ে পঞ্চম শিল্পবিপ্লবের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশকে প্রযুক্তিনির্ভর উন্নয়নের পথে এগিয়ে নিতে তরুণদের উদ্ভাবনী সক্ষমতা বিকাশের বিকল্প নেই। কৃত্রিম বুদ্ধিমত্তা, ইন্টারনেট অব থিংস, ডেটা সায়েন্স, সাইবার সিকিউরিটি, ভার্চুয়াল রিয়েলিটি ও রোবটিক্সের মতো আধুনিক প্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে ডুয়েট কাজ করছে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় এমন প্রকৌশলী তৈরি করতে চায়, যারা শুধু চাকরিপ্রত্যাশী নয়, বরং উদ্যোক্তা, গবেষক ও কর্মসংস্থান সৃষ্টিকারী হিসেবে দেশকে নেতৃত্ব দেবে।

উপ-ভিসি অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা, সৃজনশীলতা ও গবেষণার সক্ষমতা বিকাশের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের যোগ্যতা তুলে ধরার সুযোগ সৃষ্টি করে।

সিএসই বিভাগের বিভাগীয় প্রধান, অধ্যাপক ড. মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. রুমা, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহা. আবু তৈয়ব, কার্নিভালের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এমরান হোসেন, অর্গানাইজিং সেক্রেটারি সহকারী অধ্যাপক ড. উম্মে ফাওজিয়া রহিমসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, পরিচালক, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ইনোভার্স বাংলাদেশের ন্যাশনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কার্নিভাল-২০২৬-এর অংশ হিসেবে ডুয়েট কম্পিউটার সোসাইটি ও হোয়াইটবোর্ড ইনিশিয়েটিভসের সহযোগিতায় আয়োজিত এ কার্নিভালে দেশের শতাধিক বিশ্ববিদ্যালয়ের প্রায় ১ হাজার ২০০ শিক্ষার্থী অংশ নিয়েছেন। প্রথম দিনে ইন্টার-ইউনিভার্সিটি প্রোগ্রামিং কনটেস্ট (আইইউপিসি), এআই হ্যাকাথন, আইসিটি অলিম্পিয়াড এবং প্রজেক্ট শোকেসিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শনিবার ফাইনাল রাউন্ড, নেটওয়ার্কিং সেশন ও পুরস্কার বিতরণীর মাধ্যমে দুই দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটবে।

সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া, বিডিরেন-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তাওরিত এবং সম্মানিত অতিথি হিসেবে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ উপস্থিত থাকার কথা রয়েছে।