চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে ২৮৩ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদকদ্রব্য ইস্কাফ সিরাপ (ফেন্সিডিলের বিকল্প) এবং একটি মালবাহী পাওয়ার টিলার ট্রলি জব্দ করা হয়েছে।
রোববার (৫ জুলাই) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার রহনপুর খয়রাবাদ সীমান্ত এলাকায় নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় এসব জব্দ করে।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রহনপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. আব্দুল মান্নানের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সীমান্তবর্তী খয়রাবাদ এলাকায় একটি পরিত্যক্ত মালবাহী পাওয়ার টিলার ট্রলি তল্লাশি করে ২৮৩ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় চোরাচালানের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি জানিয়েছে, জব্দ করা মাদকদ্রব্য ও পাওয়ার টিলার ট্রলির সিজার মূল্য নির্ধারণ শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গোমস্তাপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি বলেন, "সীমান্তে যেকোনো ধরনের অবৈধ পারাপার, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে মাদক ও অন্যান্য অবৈধ পণ্য পাচার রোধে আমাদের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"
সীমান্ত এলাকায় বিজিবির ধারাবাহিক অভিযানে মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়ছে বলে স্থানীয়দের অভিমত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন তৎপরতা সীমান্ত অঞ্চলে অপরাধ দমনে আরও কার্যকর ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।