গাজীপুর মহানগরীতে পরিচালিত বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৩ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।

সোমবার (২২ জুন) সকাল ৮টা থেকে ২৩ জুন সকাল ৮টা পর্যন্ত মহানগরের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

জিএমপি সূত্রে জানা যায়, মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় সদস্যদের আইনের আওতায় আনতে মহানগরের বিভিন্ন থানা এলাকায় সমন্বিত অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে মোট ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

থানাভিত্তিক গ্রেফতারের সংখ্যা হলো গাজীপুর সদর মেট্রো থানায় ১ জন, বাসন থানায় ১ জন, কাশিমপুর থানায় ৫ জন, গাছা থানায় ৪ জন, পূবাইল থানায় ১ জন এবং টঙ্গী পূর্ব থানায় ১ জন। তবে কোনাবাড়ী ও টঙ্গী পশ্চিম থানায় এ সময়ে কাউকে গ্রেফতার করা হয়নি।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জিএমপির দায়িত্বশীল সূত্র জানায়, মহানগরজুড়ে নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। তাদের সাংগঠনিক কার্যক্রম, গোপন বৈঠক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।