নগরবাসীকে পরিচ্ছন্ন, জলাবদ্ধতামুক্ত ও আধুনিক নাগরিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে মহানগরীর ১ থেকে ৫৭ নম্বর ওয়ার্ডে একযোগে ড্রেন পরিষ্কার কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে নগরীর বিভিন্ন এলাকায় তিনটি নতুন সড়ক এবং আরসিসি ড্রেন নির্মাণকাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
বৃহস্পতিবার (২৫ জুন) গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মিজ তানজিলা খানমের (যুগ্মসচিব) নেতৃত্বে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনকালে প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার বলেন, বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসন, নাগরিক দুর্ভোগ কমানো এবং একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তুলতে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জানান, নগরীর প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে ড্রেন সংস্কার, খাল-নালা পরিষ্কার এবং অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম আরও জোরদার করা হবে।
প্রধান নির্বাহী কর্মকর্তা মিজ তানজিলা খানম বলেন, নগরবাসীর প্রত্যাশা অনুযায়ী দ্রুত, টেকসই ও মানসম্মত নাগরিক সেবা নিশ্চিত করতে পরিচ্ছন্নতা ও উন্নয়ন কার্যক্রম সমন্বিতভাবে বাস্তবায়ন করা হচ্ছে। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণকাজ সম্পন্ন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের মান বজায় রাখার নির্দেশনা দেন।
এ সময় উপস্থিত ছিলেন জিসিসির প্রধান প্রকৌশলী মোঃ আব্দুল বারেক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ সোহেল রানা এবং গাজীপুর সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা।
গাজীপুর সিটি কর্পোরেশন সূত্র জানায়, বর্ষাকালে জলাবদ্ধতা নিরসন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নগরীর অবকাঠামোগত উন্নয়নকে আরও গতিশীল করতে ড্রেন পরিষ্কার, সড়ক উন্নয়ন ও আরসিসি ড্রেন নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা হচ্ছে।