স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ গাজীপুরের বাগেরবাজার এলাকার বানিয়ারচালায় অবস্থিত আতাবর আলী মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত ও কার্যকর অভিযানের ফলে আগুন নিয়ন্ত্রণে এনে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। এ ঘটনায় কোনো হতাহত না হলেও কয়েকটি দোকান ও বসতঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার (৯ জুন) রাত ২টা ৪৬ মিনিটে বানিয়ারচালা সাফারী পার্ক রোডের আতাবর আলী মার্কেটে আগুন লাগার সংবাদ পায় রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সিনিয়র স্টেশন অফিসার, আবু সায়েম মাসুমের নেতৃত্বে দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়।

ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং ভোর ৪টা ৫ মিনিটে সম্পূর্ণ আগুন নির্বাপণ করা সম্ভব হয়।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে মার্কেটের আটটি দোকান এবং দোকানগুলোর পেছনে থাকা তিনটি বসতঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়। এতে আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তবে ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক পদক্ষেপের ফলে মার্কেটসংলগ্ন বসতবাড়ি, অটো গ্যারেজ এবং একটি কারখানায় আগুন ছড়িয়ে পড়তে পারেনি। এতে প্রায় ৩০ লাখ টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে পারায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। বাজার ও আবাসিক এলাকার মাঝামাঝি স্থানে আগুন লাগায় পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হয়ে উঠলেও দক্ষতার সঙ্গে অভিযান পরিচালনা করে আগুনের বিস্তার রোধ করা হয়েছে।