সম্প্রতি সপ্তাহজুড়ে প্রবল বর্ষণে সৃষ্ট ভয়াবহ বন্যায় চকরিয়ার বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিনে পরিদর্শন করে পানিবন্দি ও ভুক্তভোগী পরিবারের মাঝে চতুর্থদিনের মতো মানবিক কার্যক্রম খাদ্য সামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল এগারোটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত কক্সবাজার শহর জামায়াতের আমীর আবদুল্লাহ আল ফারুকের সার্বিক তত্ত্বাবধানে দিনব্যাপী এসব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী।
সূত্রে জানা গেছে, কক্সবাজার জেলা জামায়াতের ব্যবস্থাপনায় চকরিয়া উপজেলার মানিকপুর ইউনিয়নের নতুনবাজার, হারবাং ইউনিয়নের বাইঘ্যারপাড়া, মহাজনপাড়া ও নোয়াপাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
একই কর্মসূচি আওতায় বরইতলী শান্তিবাজারে বন্যার পানিতে ডুবে মারা যাওয়া জামিয়া ইসলামিয়া পটিয়া মাদ্রাসার ছাত্র হাফেজ মুহাম্মদ আতা উল্লাহর পরিবারে মানবিক সহায়তা নগদ অর্থ প্রদান করা হয়। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে হাফেজ আতা উল্লাহর পিতা মাওলানা নেসার উদ্দিনের হাতে এ অর্থ সহায়তা তুলে দেয়া হয়।
অন্যদিকে বন্যার পানিতে ডুবে চকরিয়া পৌরসভার ৭নং ওয়ার্ডের পালাকাটা হাসেম মাস্টারপাড়া গ্রামের দেড় বছর বয়সী শিশু মোহাম্মদ হাসানের পরিবারে নগদ অর্থ সহায়তা তুলে দেন জামায়াত নেতৃবৃন্দ।
অপরদিকে চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে বিদ্যুৎ দুর্ঘটনায় নিহত শিব্বির আহমদের ছেলে হায়দার আলীর পরিবারে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। এসময় জামায়াত নেতৃবৃন্দকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন নিহতের স্ত্রী-সন্তান ও ষাটোর্ধ্ব পিতা শিব্বির আহমদ। তাদের সমবেদনা জানিয়ে জামায়াত নেতৃবৃন্দ শোকাহত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
খাদ্য সামগ্রী ও নগদ অর্থ প্রদানকালে নেতৃবৃন্দ বলেন, সাম্প্রতিক ভয়াবহ বন্যায় অনেক পরিবার মানবেতর জীবনযাপন করছে। তারা সরকারের প্রতি ত্রাণ কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানিয়ে বলেন, যেন কোনো বানভাসি ও ক্ষতিগ্রস্ত পরিবার ত্রাণসেবা থেকে বঞ্চিত না হয়। পাশাপাশি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সমাজের বিত্তবানদেরও দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান তারা।
মঙ্গলবার উপজেলার বিভিন্ন স্থানে দিনব্যাপী কর্মসূচিতে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বশর, চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর আরিফুল কবির, হারবাং ইউনিয়ন জামায়াতের সভাপতি শেখ আহমদ, বরইতলী ইউনিয়ন জামায়াতের সভাপতি জায়েদুল ইসলাম, কক্সবাজার জেলা ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি আসহাব উদ্দিন আছাদ, চকরিয়া পৌরসভার ৭নং ওয়ার্ড সভাপতি মাস্টার রেজাউল করিম, সেক্রেটারি কাউন্সিলর প্রার্থী হাফেজ এহসানুল হক, জামায়াত নেতা হারবাংয়ের জুনাইদ সিকদার, মানিকপুরের মনসুর আলম, মিনহাজ উদ্দিন প্রমুখ।