সাতক্ষীরা শহরের ৫ নম্বর ওয়ার্ডে রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করেছেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও সাতক্ষীরা পৌরসভার মেয়র প্রার্থী প্রভাষক মো . ওমর ফারুক।
সোমবার (২৯ জুন) সকাল ৭টায় আনুষ্ঠানিকভাবে এ উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পৌর ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের আমীর আব্দুল হান্নান, সেক্রেটারি আমিরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী।
উদ্বোধনী অনুষ্ঠানে মো. ওমর ফারুক বলেন, সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেকের বিশেষ উন্নয়ন বরাদ্দের আওতায় পৌরসভার প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে রাস্তা, ড্রেন, কালভার্টসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হচ্ছে। এসব উন্নয়ন প্রকল্পের মাধ্যমে দীর্ঘদিনের জনদুর্ভোগ দূর হবে এবং সাধারণ মানুষের চলাচল আরও সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে।
তিনি আরও বলেন, উন্নত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত হলে শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ সমানভাবে উপকৃত হবেন। জলাবদ্ধতা কমবে, যানবাহন চলাচল সহজ হবে এবং এলাকার সার্বিক উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে। জনগণের প্রত্যাশা পূরণে ধারাবাহিকভাবে উন্নয়নমূলক কাজ অব্যাহত থাকবে।
স্থানীয় বাসিন্দারা বলেন, রাস্তা সংস্কারের ফলে দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে এবং এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।