দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে শিক্ষা কার্যক্রম শুরু করতে যাচ্ছে বহুল প্রত্যাশিত নওগাঁ বিশ্ববিদ্যালয়।
আগামীকাল শনিবার (১৮ জুলাই) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়টির ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের বরণ এবং শিক্ষা কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করা হবে।
ইতোমধ্যেই অনুষ্ঠান আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম ধাপে আইন বিভাগ ও হিসাববিজ্ঞান বিভাগ নিয়ে শিক্ষা কার্যক্রম শুরু হচ্ছে। ইতোমধ্যে ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে। নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার মধ্য দিয়েই বিশ্ববিদ্যালয়ের পথচলা শুরু হবে।
উদ্বোধন উপলক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ড.আ.ন.ম এহসানুল হক মিলন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল খালেক, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, স্থানীয় বিভিন্ন আসনের সংসদ সদস্যগণ, জেলা প্রশাসক, পুলিশ সুপার, শিক্ষানুরাগী ও গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত থাকবেন।
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সায়েম বিন সোলাইমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে জানানো হয়, সকাল ১০টা থেকে শহরের বরুনকান্দি মোড়ে অবস্থিত নওগাঁ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ে কর্মসূচি শুরু হবে। শুরুতেই জাতীয় পতাকা উত্তোলন এবং এরপর পায়রা অবমুক্তি ও বেলুন ফেস্টুন ওড়ানো, উদ্বোধনী ফলক উন্মোচন, শ্রেণিকক্ষ, গ্রন্থাগার, কম্পিউটার ল্যাব, স্টাডি সেন্টার উদ্বোধন এবং কেক কেটে শিক্ষাকার্যক্রমের উদ্বোধন ঘোষণা করা হবে।
এদিন বেলা ১১টা থেকে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী ও শিক্ষা কার্যক্রমের উদ্বোধনী আলোচনা সভা, প্রামাণ্য চিত্র প্রদর্শন, প্রধান অতিথি এবং উপাচার্যসহ অন্যান্য অতিথিগণ বক্তব্য প্রদান করবেন। অনুষ্ঠানে আমগাছের চারা দিয়ে প্রথম ব্যাচের শিক্ষার্থীদেরকে বরণ করে নেওয়া হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ হাছানাত আলী।
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আগামীর নানা পরিকল্পনা তুলে ধরে উপচার্য ড. মোহাম্মদ হাছানাত আলী বলেন, শুরুতে আইন ও হিসাববিজ্ঞান এই দুটি বিভাগে ৪০ জন করে মোট ৮০ জন ভর্তি শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করা হচ্ছে। ৮ জন শিক্ষক ইতোমধ্যেই বিভাগে যোগদান করেছেন। পর্যায়ক্রমে নতুন বিভাগ চালু এবং স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ এগিয়ে নেওয়া হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় পরিকল্পনা ও প্রশাসনিক কার্যক্রম ইতোমধ্যে চলমান রয়েছে।
দীর্ঘমেয়াদি পরিকল্পনা তুলে ধরে তিনি আরও বলেন, ইতোমধ্যেই নওগাঁ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য ৯৭ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও অবকাঠামো গড়ে তুলতে একটি মাস্টারপ্ল্যান তৈরি করা হয়েছে। অস্থায়ী ক্যাম্পাসে কার্যক্রম শুরু হলেও জ্ঞানার্জনের সকল সুযোগ তৈরি করা হয়েছে। এই ধারাবাহিকতায় আগামীতে নওগাঁ বিশ্ববিদ্যালয়ে কৃষি, কর্মমুখী শিক্ষা ও গবেষণায় এ অঞ্চলে বাতিঘর হিসেবে গড়ে উঠবে।
সংশ্লিষ্টদের মতে, নওগাঁবাসীর দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নের এই উদ্যোগ জেলার উচ্চশিক্ষায় নতুন দিগন্ত উন্মোচন করবে। নিজ জেলায় উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি হওয়ার পাশাপাশি গবেষণা, দক্ষ মানবসম্পদ গঠন এবং উত্তরাঞ্চলের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই বিশ্ববিদ্যালয়। ২০২৩ সালে প্রতিষ্ঠিত নওগাঁ বিশ্ববিদ্যালয় একসময় ছিল কেবল একটি স্বপ্নের নাম, সরকারি গেজেটের কয়েকটি পৃষ্ঠা এবং ভবিষ্যতের এক সম্ভাবনার প্রতীক। নানা প্রতিকূলতা, অনিশ্চয়তা এবং বিতর্কের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়টিকে বাস্তব রূপ দেওয়ার পথ সহজ ছিল না। কিন্তু মানুষের আকাঙ্ক্ষা, শিক্ষানুরাগীদের দৃঢ়তা এবং সংশ্লিষ্টদের অবিচল প্রচেষ্টার কাছে সেই সব প্রতিবন্ধকতা শেষ পর্যন্ত পরাজিত হয়েছে।
এদিকে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক শিক্ষাকার্যক্রম শুরু হওয়ায় জেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। শিক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তি, অভিভাবক ও শিক্ষার্থীদের প্রত্যাশা, অচিরেই এই বিশ্ববিদ্যালয় উত্তরাঞ্চলের উচ্চশিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে।