ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ (IISC) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে অ্যালামনাই পুনর্মিলনী এবং প্রতিষ্ঠানের সম্মানিত সাবেক অধ্যক্ষ ফখরুদ্দিন মুহাম্মদ কেফায়েতুল্লাহ এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর গুলশানস্থ গার্লিক অ্যান্ড জিঞ্জার রেস্টুরেন্টে অনুষ্ঠিত এই পুনর্মিলনীতে প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা একত্রিত হয়ে স্মৃতিচারণ, সৌহার্দ্য বিনিময় এবং ভবিষ্যতে একটি শক্তিশালী অ্যালামনাই নেটওয়ার্ক গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
পুনর্মিলনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য ও স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শ্যামসুন নাহার নিজামী-এর পুত্র ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইআইএসসি ট্রাস্টি বোর্ডের সদস্য ও প্রখ্যাত চিকিৎসক ড. খালিদুজ্জামান। বিদায় সংবর্ধনায় সদ্য সাবেক অধ্যক্ষ ফখরুদ্দিন মুহাম্মদ কেফায়েতুল্লাহ তাঁর দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করেন এবং প্রাক্তন শিক্ষার্থীদের মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার নাজিব মোমেন এমপি বলেন, "ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল শুধু চার দেয়ালের দালান নয় বরং এটি মানুষের স্বপ্ন গড়ার কারিগর। এই প্রতিষ্ঠানটি দীর্ঘ বছর ধরে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে। আজ যখন দেখি এই স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা বিভিন্ন সেক্টরে দেশের সেবা করছেন, তখন এই প্রতিষ্ঠানের প্রতি আমার শ্রদ্ধা আরও বেড়ে যায়। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই স্কুলের বর্তমান ও প্রাক্তন শিক্ষকদের। তাঁদের কঠোর শাসন আর স্নেহের চাদরেই আপনাদের শিক্ষাজীবন শুরু হয়েছিল।
তিনি আরও বলেন, জীবনের কর্মব্যস্ততার মাঝেও শিকড়ের টানে, বন্ধুদের টানে এবং এই ক্যাম্পাসের টানে ফিরে আসার এই মানসিকতা প্রমাণ করে যে আপনারা আপনাদের অতীতকে ভুলে যাননি। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, নিজ নিজ অবস্থান থেকে এই স্কুলের উন্নয়নে ভূমিকা রাখুন। সুবিধাবঞ্চিত বা মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ান। আপনাদের একটু সহযোগিতা আগামী প্রজন্মকে আরও অনেক দূর নিয়ে যাবে।"