ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নে বজ্রপাতে প্রভু (৫৫) ও তার ছেলে নিমাই (২৩) নিহত হয়েছেন।

বুধবার (১৫ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের মোহাব্বতপুর গণেশপার গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে বাড়ির পাশের একটি খেতে পাট কাটতে যান প্রভু ও তার ছেলে নিমাই। দুপুরের দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে আকস্মিক বজ্রপাতের শিকার হয়ে বাবা-ছেলে দুজনই গুরুতর আহত হন। ঘটনাস্থলেই নিমাই মারা যান। এছাড়া প্রভুসহ একই এলাকার আরও দুজনকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় প্রভু মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জামালপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য কবিন্দ্র বলেন, খেতে পাট কাটার সময় বজ্রপাতে বাবা ও ছেলে মারা যান। তাদের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাজাহান আলী বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি জানান, পাট কাটার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই ছেলে মারা যান ও তার বাবা প্রভু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।