ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরের নতুন শিকারপুর ও সোনার বাংলা বাজার এলাকার মধ্যবর্তী স্থানে যাত্রীবাহী হানিফ ও বাউফল পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে উভয় বাসের কমপক্ষে ৩০ যাত্রী আহত হয়েছে।
আহতদের উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে বৃষ্টি চলাকালে সংঘটিত এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে তাৎক্ষণিক উজিরপুর উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা ও হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেছেন। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।
দুর্ঘটনার বিষয়ে গৌরনদী হাইওয়ে থানার ওসি মোহাম্মাদ মহসীন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেন আর তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। দুর্ঘটনা কবলিত বাস দুটি আটক করা হয়েছে।