কক্সবাজারের উখিয়ায় টানা বৃষ্টিপাতের জেরে রোহিঙ্গা ক্যাম্পের একটি মাদরাসায় পাহাড়ধসে ৮ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
বুধবার (৮ জুলাই ২০২৬) এক বিবৃতিতে তিনি এ মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের রূহের মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান।
বিবৃতিতে তিনি বলেন, "উখিয়ায় পাহাড়ধসে ৮ মাদরাসা শিক্ষার্থীর প্রাণহানি এবং মাটির নিচে চাপা পড়ার ঘটনাটি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত ও হৃদয়বিদারক। নিখোঁজদের দ্রুত উদ্ধারে বৈরী আবহাওয়ার মধ্যেও উদ্ধারকর্মীরা কাজ করছেন। মাটির নিচে আটকে পড়া বাকিদের উদ্ধারে অবিলম্বে কার্যকর ও জোরালো পদক্ষেপ নিতে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি।"
রোহিঙ্গাদের ওপর একের পর এক দুর্যোগ ও প্রাণহানির জন্য মিয়ানমারের জান্তা সরকারকে সরাসরি দায়ী করে তিনি বলেন, "জান্তা সরকারের বর্বর নিপীড়নের মুখেই এসব মানুষ বাংলাদেশের পাহাড়ি অঞ্চলের ঝুঁকিপূর্ণ আশ্রয়ে বসবাস করতে বাধ্য হয়েছে। তাই রোহিঙ্গাদের নিজ দেশে সম্মানজনক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংস্থাগুলোকে দ্রুত কার্যকর ভূমিকা পালন করতে হবে।"
একই সঙ্গে কক্সবাজারসহ পার্বত্য জেলাগুলোর পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের অনতিবিলম্বে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দ্রুত সরকারি সহায়তা প্রদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।